ঢালিউড

শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি বরেণ্য অভিনেত্রী দিলারা জামান

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – দেশের সাধারণ নাগরিকদের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। বৃহস্পতিবার সকাল থেকেই ছোট ও বড় পর্দার শিল্পীদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়।

এরই ধারাবাহিকতায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। ভোটকেন্দ্রের শান্ত ও সুষ্ঠু পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দিলারা জামান নিজের অনুভূতি ব্যক্ত করেন। তিনি জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তিনি ভোট দিতে পেরেছেন এবং নিশ্চিন্ত মনে বাড়ি ফিরছেন।

অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, আগে অনেক সময় কেন্দ্রে এসে দেখতেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। তবে এবার নিজের ভোট নিজে দিতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

ভাবী জনপ্রতিনিধিদের প্রতি প্রত্যাশা জানিয়ে এই অভিনেত্রী বলেন, যিনিই ক্ষমতায় আসুক, তিনি যেন সাধারণ মানুষের কথা বলেন এবং তাদের দুঃখ কষ্ট লাঘবে কাজ করেন। জনগণের প্রতিনিধি হিসেবে তারা যেন সবসময় মানুষের পাশে থাকেন, এমনটাই তার প্রত্যাশা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ভোটগ্রহণ চলে এবং এরপর শুরু হয় ভোট গণনা।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language