জাতীয়

ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান ড. ইউনূসের

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরেও রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা অটুট রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক মহল ও সর্বস্তরের জনগণের প্রতি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিবৃতির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ড. ইউনূস রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণার পর গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। মতের ভিন্নতা থাকা স্বাভাবিক, তবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ভোটগ্রহণ পরবর্তী মূল্যায়নে প্রধান উপদেষ্টা জানান, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি জাতির অঙ্গীকার অটুট রয়েছে। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করেছে।

বিবৃতিতে তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল এবং গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট সকলের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশ আবারও প্রমাণ করেছে জনগণই সকল ক্ষমতার উৎস। এই নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল বলে মন্তব্য করেন তিনি। জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ নির্বাচন নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রার সূচনা করেছে।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language