১২ ফেব্রুয়ারি ভোটের দিন দেশের আবহাওয়া যেমন থাকবে

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের এই গুরুত্বপূর্ণ দিনে আবহাওয়া কেমন থাকতে পারে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভোটের দিন আকাশ শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক পূর্বাভাস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নির্বাচনের দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার আভাস দেওয়া হয়েছে। এদিকে গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









