টাঙ্গাইল

নির্বাচনের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটিতে শ্রমজীবী ও সাধারণ মানুষ রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছেন। একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ বাড়ির পথে রওনা হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে, যা যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার দুপুরের পর থেকেই মহাসড়কে এই অতিরিক্ত যানবাহনের চাপ লক্ষ্য করা যায়। বিশেষ করে মহাসড়কের এলেঙ্গা থেকে সদর উপজেলার শিবপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বাসের টিকিট সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের মধ্যে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে করে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে সরকারি ছুটির কারণে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ এই মহাসড়ক ব্যবহার করছেন। ফলে দুপুরের পর থেকে গাড়ির চাপ কয়েক গুণ বেড়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানিয়েছেন, মহাসড়কে যানবাহনের আধিক্য থাকলেও গাড়িগুলো একেবারে থেমে নেই, বরং ধীরগতিতে ও স্বাভাবিকভাবেই চলাচল করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে।

এসএএস/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language