জাতীয়

উপদেষ্টাদের সম্পদ বিবরণী দুয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকা উপদেষ্টাদের সম্পদের বিবরণী দুয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেখানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “আমি যতটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই তাদের সম্পদের স্টেটমেন্ট (বিবরণী) দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটা আমরা পাবলিক করব।”

সংবাদ সম্মেলনের আগে উপদেষ্টা পরিষদের দশম বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের অগাস্টে দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহ পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী দ্রুত প্রকাশ করা হবে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের দিকে এলেও এখনো তা প্রকাশ করা হয়নি।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।

তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে দেশে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। বিপ্লবোত্তর সময়ে, আমরা বলব অধ্যাপক ইউনূসের লিডারশিপের কারণে দেশ ভয়ানক রকমের বিপর্যয় থেকে উদ্ধার হয়েছে।”

এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language