বলিউড

‘ডন ৩’ থেকে সরলেন রণবীর, ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ চাইছে প্রযোজনা সংস্থা

মুম্বাই, ৯ ফেব্রুয়ারি – বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এর তৃতীয় কিস্তি নিয়ে জটিলতা যেন কাটছেই না। শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংকে এই চরিত্রের জন্য চূড়ান্ত করা হলেও, শেষ মুহূর্তে তিনি প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। আর এই সিদ্ধান্তের ফলে বড় ধরনের আইনি ও আর্থিক সংঘাতে জড়িয়েছেন অভিনেতা। প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের অভিযোগ, রণবীরের এই আকস্মিক প্রস্থানের কারণে তাদের প্রায় ৪০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ ছবির জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি চলছিল। ছবির শিডিউল, লোকেশন রেকি এবং কারিগরি নানা দিক চূড়ান্ত করতে প্রি-প্রোডাকশনে বিপুল অর্থ ব্যয় করেছে সংস্থাটি। কিন্তু সম্প্রতি রণবীর সিং নিজেকে সরিয়ে নেওয়ায় সেই পুরো পরিকল্পনাই ভেস্তে গেছে। প্রযোজনা সংস্থার দাবি, এই ক্ষতির দায়ভার অভিনেতাকে নিতে হবে।

বিষয়টি সুরাহা না হওয়ায় এখন আইনি পদক্ষেপের দিকে এগোচ্ছে এক্সেল এন্টারটেইনমেন্ট। অন্যদিকে, রণবীর সিংয়ের টিমের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, প্রজেক্টের প্রাথমিক পর্যায়ে সম্মতি থাকলেও পরবর্তীতে চিত্রনাট্য ও অন্যান্য বিষয়ে মতবিরোধ দেখা দেয়। একজন শিল্পী হিসেবে সৃষ্টিশীল বিষয়ে একমত হতে না পারলে প্রজেক্ট থেকে সরে আসার পূর্ণ অধিকার তাঁর রয়েছে। দুই পক্ষের এই অনড় অবস্থানে ‘ডন ৩’-এর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।

এসএএস/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language