যশোর

কেশবপুরে জামায়াত প্রার্থীর বাসভবনে ককটেল বিস্ফোরণ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

যশোর, ৯ ফেব্রুয়ারি – যশোর-৬ কেশবপুর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে এই ককটেল নিক্ষেপ করা হয় বলে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ। তিনি উল্লেখ করেন যে রবিবার রাতে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থীর পৌর শহরের সাবদিয়া এলাকার বাসভবনে একটি সন্ত্রাসী গ্রুপ হাতবোমা বা ককটেল নিক্ষেপ করেছে। নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করা এবং সাধারণ ভোটারদের ভয় দেখানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে তারা মনে করেন। সংবাদ সম্মেলনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

কেশবপুরে নির্বাচনী সময়কালে ভোটার ও প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়। সংবাদ সম্মেলনে যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন এবং উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানিয়েছেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button