থাইল্যান্ড উপকূলে ডুবল চট্টগ্রামগামী কনটেইনারবাহী জাহাজ

চট্টগ্রাম, ৯ ফেব্রুয়ারি – মালয়েশিয়া থেকে কনটেইনারবোঝাই পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের উপকূলে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। পানামার পতাকাবাহী জাহাজটি শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে থাইল্যান্ডের ফুকেট উপকূলসংলগ্ন গভীর সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে।
ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি সিলয়েড আর্ক’। প্রায় ১১৫ মিটার দীর্ঘ এই জাহাজটিতে বাংলাদেশি আমদানিকারকদের মোট ২৯৭ একক কনটেইনার পণ্য ছিল। জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রার দুই দিনের মধ্যেই এটি থাইল্যান্ড উপকূলের কাছে দুর্ঘটনায় পড়ে।
বাংলাদেশে জাহাজটির স্থানীয় এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশের ব্যবস্থাপক মো. মুকুল হোসেন জানান, ফুকেট উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে জাহাজটি হঠাৎ কাত হয়ে যায় এবং একপর্যায়ে সম্পূর্ণভাবে ডুবে যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় জাহাজের ক্যাপ্টেন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।
দুর্ঘটনার পরপরই নিকটবর্তী একটি মাছ ধরার নৌযান এবং থাই নেভির একটি উদ্ধারকারী দল দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। এতে জাহাজে থাকা ১৬ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া নাবিকদের বর্তমানে ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে।
এই ঘটনায় জাহাজে থাকা পণ্যের ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









