
লক্ষ্মীপুর, ৫ ফেব্রুয়ারি – লক্ষ্মীপুরে নির্বাচনী ব্যালটের সিল উদ্ধারের ঘটনায় আটক ব্যবসায়ী সোহেল রানাসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় এই মামলাটি করে এবং মামলায় সোহেলকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে দুইজনের নাম উল্লেখ করে মামলাটি রুজু করা হয়েছে। আটক সোহেলকে আদালতে সোপর্দ করা হলে বিচারকের কাছে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
জবানবন্দিতে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত হিসেবে পৌর ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক শরিফ হোসেন সৌরভের নাম প্রকাশ করেছেন। এদিকে সিল জব্দের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেন যে আটক সোহেল জামায়াতের কর্মী। তবে অপর এক সংবাদ সম্মেলনে একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী রেজাউল করিম এই দাবি প্রত্যাখ্যান করে জানান যে আটক সোহেল তাদের দলের কেউ নন।
গ্রেপ্তারকৃত সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পুলিশ ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করে।
এস এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬









