জাতীয়

মাঘের শেষেও শীতের বিদায় নয়, শুক্রবার থেকে ফের কমতে পারে তাপমাত্রা

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – মাঘ মাসের শেষদিকে এসে প্রকৃতিতে রোদের দাপট বাড়ায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। দুপুরের রোদে গরম অনুভূত হলেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনো ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। তবে শীত বিদায়ের এই সময়ে আবহাওয়া অধিদপ্তর নতুন বার্তা দিয়েছে।

আবহাওয়াবিদদের মতে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার থেকে দেশের তাপমাত্রা আবারও হ্রাস পেতে পারে যা শীতের অনুভূতিকে কিছুটা বাড়িয়ে দেবে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে ভোরের দিকে দেশের নদী অববাহিকার অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত কুয়াশার দাপট একই রকম থাকতে পারে। এর মধ্যে শনিবার তাপমাত্রা সামান্য কমলেও রবিবার তা অপরিবর্তিত থাকবে। তবে সোমবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে শুরু করবে।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language