টাকা দিলে আমরাই সীমান্তে কাঁটাতার দিয়ে দেব, বিএসএফ ইস্যুতে কেন্দ্রকে পাল্টা প্রস্তাব মমতার

কলকাতা, ৩ ফেব্রুয়ারি – বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না বলে গত কয়েক মাস ধরেই অভিযোগ করে আসছে বিজেপি। অনুপ্রবেশ ইস্যুতে তারা ক্রমাগত রাজ্যের শাসকদলকে নিশানা করছে। এবার সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে পাল্টা কেন্দ্র সরকারকেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি প্রস্তাব দিয়েছেন যে কেন্দ্র সরকার অর্থ বরাদ্দ করলে রাজ্য সরকারই সীমান্তে ফেন্সিং বা বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করে দেবে।
মঙ্গলবার দিল্লিতে বঙ্গ ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। তাঁর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ৩১ মার্চের মধ্যে সীমান্তে ফেন্সিংয়ের জন্য জমি দেওয়ার বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান যে রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক জমি দিয়েছে। কয়লা ও তেল সেক্টর ছাড়াও এসএসবি বা সিআরপিএফ এবং রেলের জন্য জমি প্রদান করা হয়েছে। ফলে সমস্ত জমি এখনই দেওয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
ভোটের আগে কেন এই প্রসঙ্গ তোলা হচ্ছে তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এছাড়া বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিষয়েও এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি উল্লেখ করেন যে আগে সীমান্তের ১৫ কিমি ভেতর পর্যন্ত বিএসএফের এক্তিয়ার ছিল যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িয়ে ৫০ কিমি করেছেন। গ্রামের ভেতরে ঢুকে বিএসএফ সাধারণ মানুষকে হেনস্থা ও গুলি চালায় বলে তিনি অভিযোগ করেন।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট দাবি হলো কাঁটাতার দেওয়ার দায়িত্ব ও অর্থ রাজ্যকে দেওয়া হোক এবং বিএসএফের এক্তিয়ার ৫০ কিমি থেকে কমিয়ে পুনরায় ১৫ কিমি করা হোক।
অনুপ্রবেশ ইস্যুতেও তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আঙুল তুলে স্মরণ করিয়ে দেন যে সীমান্তে সুরক্ষার দায়িত্ব বিএসএফের হাতেই ন্যস্ত।
এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬









