এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার এখন ১৩৫৬ টাকা

ঢাকা, ২ ফেব্রুয়ারি – ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম আবারও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি এক ঘোষণার মাধ্যমে নতুন এই দামের কথা জানায়।
সংস্থাটি নিশ্চিত করেছে যে এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা ঠিক করা হয়েছে।
এর আগে গত ৪ জানুয়ারি এলপি গ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এলপিজি সিলিন্ডারের পাশাপাশি সোমবার অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য যে এর আগে গত ৪ জানুয়ারি অটোগ্যাসের দাম সমন্বয় করার সময় ভোক্তা পর্যায়ে ২ টাকা ৪৮ পয়সা বাড়ানো হয়েছিল এবং তখন মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৫৯ টাকা ৮০ পয়সা।
এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬









