সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ঢাকা, ২ ফেব্রুয়ারি – সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে আমির হোসেন আমু ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন অনিয়ম করেছেন। তাদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অপরাধ সংঘটনের প্রাথমিক অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধান চলাকালে আমির হোসেন আমুর নামে বিভিন্ন ব্যাংকে মোট আটটি হিসাব খোলার তথ্য পাওয়া গেছে।
এসব ব্যাংক হিসাব খোলার তারিখ থেকে এখন পর্যন্ত হিসাব বিবরণী পর্যালোচনা করে দেখা যায় যে সেখানে মোট সাত কোটি ৫১ লাখ টাকা স্থিতি রয়েছে। অনুসন্ধান প্রতিবেদনে আরও বলা হয় সন্দেহভাজন ব্যক্তির ব্যাংক হিসাবগুলোতে দেশি ও বিদেশি মুদ্রা পাচার বা হুন্ডির অর্থ লেনদেন করা হয়েছে। অপরাধলব্ধ অর্থের উৎস গোপন করার উদ্দেশ্যেই এসব লেনদেন করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়।
এমতাবস্থায় অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক হিসাবগুলো অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অবরুদ্ধ রাখা প্রয়োজন বলে আদালত মনে করেন।
এস এ এস/ ২ ফেব্রুয়ারি ২০২৬









