দেশে পৌঁছালো প্রবাসীদের ৫৫ হাজার পোস্টাল ব্যালট, দ্রুত পাঠানোর নির্দেশনা ইসির

ঢাকা, ২৯ জানুয়ারি – আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রবাসীদের পাঠানো ৫৫ হাজারের বেশি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশনের ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তাদের কাছে ৫৫ হাজার ৩৪১টি ব্যালট পেপার এসে জমা হয়েছে।
পোস্টাল ব্যালট অ্যাপের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৩ লাখ ৯৪ হাজার ১৭৪ জন ভোটার সংশ্লিষ্ট দেশের ডাকঘরে বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠিয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৫ লাখ ৯ হাজার ৬০১ জন প্রবাসী এই ব্যালট হাতে পেয়েছেন বলে জানা গেছে।
কমিশন ভোটারদের যত দ্রুত সম্ভব ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে। দেশে ভোটগ্রহণের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট পৌঁছালে তবেই সেটি গণনার অন্তর্ভুক্ত হবে।
এবারের নির্বাচনে দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন যাদের অর্ধেকেরও বেশি প্রবাসী বাংলাদেশি। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা বন্দিরাও এই পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬









