জাতীয়

দেশের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে কিছু দল

কুমিল্লা, ২৬ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি দেশের মানুষের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু কোনো কোনো দল মানুষকে ধোঁকা দিতে চায়। তিনি বলেন, রাজনীতিতে ধোঁকা দিয়ে লাভ নেই—দিন শেষে রাজনীতিবিদদের জনগণের কাছেই ফিরে যেতে হয়।

রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি ফুলতলী মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল এবং সরকার পরিচালনার বাস্তবতা তারা ভালোভাবেই বোঝে। তাই পরিকল্পনা কীভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হয়, তা বিএনপি জানে।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে মা-বোনদের মাসিক সহায়তা দেওয়া হবে। তবে শুরুতেই সবকিছু একসঙ্গে নয়, ধীরে ধীরে এবং সরকারের সক্ষমতার মধ্যে এই সহায়তা বাড়ানো হবে। পাঁচ বছরের মেয়াদে যত বেশি সংখ্যক পরিবারকে এর আওতায় আনা যায়, সেটাই লক্ষ্য।

এ ছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের কাছে সার, বীজ ও কীটনাশক পৌঁছে দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করলে রাজনীতিতে টিকে থাকা যায় না।

প্রতিপক্ষকে আক্রমণ না করে নিজের কর্মপরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে বিএনপি কী করবে—কে কী বলেছে, তা নয়।

সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language