শিক্ষা

ডাকসু নিয়ে জামায়াত নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা

ঢাকা, ২৫ জানুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন নিয়ে ‘কুরুচিপূর্ণ ও অশালীন’ মন্তব্য করায় বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে, আজ রোববারের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে ডাকসু নেতৃত্ব।

রোববার এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ডাকসু ভবন সম্পর্কে শামীম আহসানের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম, ঐতিহ্য ও সম্মানকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। বিবৃতিতে তার বক্তব্যকে ‘অশ্লীল, কুরুচিপূর্ণ, অশালীন ও অর্বাচীন’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এদিকে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ঘৃণ্য মন্তব্যকারী জামায়াত নেতার প্রতি খোলা চিঠি’ শিরোনামে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বাক্ষরিত এক খোলা চিঠিতেও শামীম আহসানের বক্তব্যের নিন্দা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ‘ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’—এমন মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অবমাননাকর।

খোলা চিঠিতে উল্লেখ করা হয়, ডাকসুর সমাজসেবা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় বহিরাগত মাদক ও পতিতা সিন্ডিকেট চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের গ্রেপ্তার করিয়েছেন। তবে এ ঘটনার অজুহাতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক ও বেশ্যাখানার সঙ্গে যুক্ত করে ঢালাও মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডাকসু নেতারা স্পষ্ট করে জানান, আজকের মধ্যে মো. শামীম আহসান প্রকাশ্যে ক্ষমা না চাইলে আগামীকাল (সোমবার) শাহবাগ থানায় তার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করা হবে।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language