জাতীয়

বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে

ঢাকা, ২৩ জানুয়ারি – বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১৫ বছরের দুঃশাসনে দেশ অনেকটা পিছিয়ে গেছে। তাই বাংলাদেশকে পুনর্নির্মাণ করা দরকার, আর তা করতে হলে অবশ্যই দেশে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।

তারেক রহমান বলেন, গণতান্ত্রিকভাবে যদি মানুষ নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন, তবেই এলাকার সমস্যা নিয়ে সরাসরি তাদের কাছে যাওয়া সম্ভব হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ১৫ বছরের দুঃশাসন পেছনে ফেলে জনগণ এখন বড় পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। এলাকার সমস্যা সমাধান করতে এবং দেশের উন্নয়ন করতে হলে অবশ্যই গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং নিজের প্রতিনিধি নির্বাচিত করতে পারে, তা নিশ্চিত করতে হবে।

তারেক রহমান বলেন, শুধু জাতীয় নির্বাচনে নয়, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ—সব জায়গায় জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। অর্থাৎ সব জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনপ্রতিনিধিরা অবশ্যই জানতে হবে জনগণের সমস্যাগুলো কী। এ সময় তিনি জনসভা মঞ্চে স্থানীয় কয়েকজনকে ডেকে ভাষানটেকের মৌলিক সমস্যা সম্পর্কেও শুনেন।

ভাষানটেকে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামানসহ অন্যান্য সাংগঠনিক নেতারা।

এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language