ব্যবসা

১২ ঘণ্টার ব্যবধানে বাড়লো সোনার দাম, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

ঢাকা, ২৩ জানুয়ারি – কমানোর মাত্র ১২ ঘণ্টা পার হতেই আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ দুপুর সোয়া ১২টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল দুই লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও দাম বেড়েছে।

১২ ঘণ্টার ব্যবধানে দাম বাড়ার কারণ জানতে চাইলে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এ প্রতিবেদককে বলেন, গতকাল বৈঠকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছিল। সেই প্রেক্ষিতে রাত ৯টায় দাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এরপর বিশ্ববাজারে সোনার দাম দ্রুত ও ব্যাপকভাবে বাড়তে শুরু করে। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় আজ জরুরি বৈঠকে দাম পুনরায় সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজুস শুধু স্বর্ণ বিক্রি করে না, কেনাবেচা—উভয়ই করে। তাই ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষার জন্য সোনার দাম বাড়িয়ে নতুন করে সমন্বয় করা হয়েছে।

দাম বাড়ার পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনাকেই মূল কারণ হিসেবে দেখছেন দেশীয় সোনা ব্যবসায়ীরা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে, বিশ্ববাজারে সোনার দাম তত বাড়ছে।

বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় বেলা ১টায় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৫০ ডলার ছাড়িয়েছে।

দেশের বাজারে নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২০০ টাকা।

এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language