ব্যবসা

অবশেষে দেশের বাজারে কমল সোনার দাম

ঢাকা, ২২ জানুয়ারি – ধারাবাহিক মূল্য বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা পর্যন্ত কমে ভালো মানের সোনার দাম আড়াই লাখ টাকার নিচে নেমে এসেছে। আজকে প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন দাম আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমায় স্থানীয় বাজারে দামও কমেছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা বেড়েছে।

গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৩৫ ডলার ছাড়িয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা।

সোনার সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

এনএন/ ২২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language