ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ হতে পারে জাতিসংঘের বিকল্প

ওয়াশিংটন, ২১ জানুয়ারি – গাজার যুদ্ধ থামানো ও উপত্যকা পুনর্গঠনের উদ্দেশ্যে তৈরি করা ‘বোর্ড অব পিস’ জাতিসংঘের বিকল্প হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতিসংঘ ৮০ বছর আগে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত হয়েছিল। তবে ট্রাম্পের বোর্ড অব পিসের কারণে সংস্থাটির অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ট্রাম্প নিজেই জানিয়েছেন, তার তৈরি করা বোর্ড অব পিস জাতিসংঘের বিকল্প হিসেবে কাজ করবে।
বোর্ডের চেয়ারম্যান পদে নিজেই দায়িত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। সিএনএন জানায়, এই পদে তিনি অনির্দিষ্টকালের জন্য থাকবেন এবং প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলেও দায়িত্ব পালন করতে পারবেন।
বোর্ড অব পিসে ১ বিলিয়ন ডলার দানের মাধ্যমে স্থায়ী সদস্যপদ পাওয়া যাবে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন বোর্ডে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে।
ট্রাম্প বিশ্বের শক্তিশালী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের বোর্ডে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, যার মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।
এ বিষয়ে ইউরোপের দেশগুলো সতর্ক হয়ে গেছে, কারণ পুতিন ২০২২ সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছেন।
এনএন/ ২১ জানুয়ারি ২০২৬









