উত্তর আমেরিকা

গাজার বোর্ড অব পিসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

ওয়াশিংটন, ২০ জানুয়ারি – গাজা ও বিশ্বের অন্যান্য এলাকায় চলমান দ্বন্দ্ব নিরসনে তৈরি বোর্ড অব পিসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানো হয়েছে।”

২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়া পশ্চিমা বিশ্বে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এ পরিস্থিতিতেই ট্রাম্প পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানিয়েছেন।

বোর্ড অব পিসের চেয়ারম্যান হিসেবে থাকবেন ট্রাম্প। এর সদস্য হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এর মধ্যে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রধানকেও এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

বোর্ড অব পিস প্রথমে গাজার দ্বন্দ্ব নিরসনে কাজ করবে এবং পরে বিশ্বের অন্যান্য দ্বন্দ্বেও ভূমিকা রাখবে।

বোর্ড অব পিসের সদস্য দেশগুলোর সদস্যপদের মেয়াদ তিন বছর থাকবে। তবে কোনো দেশ এক বিলিয়ন ডলার সহায়তা দিলে সেটি স্থায়ী সদস্যপদ পাবে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই উদ্যোগ জাতিসংঘের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। বর্তমানে বিশ্বের দ্বন্দ্ব নিরসনে দায়িত্ব পালন করে আসে জাতিসংঘ।

এনএন/ ২০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language