আন্দোলনের স্মারক ঐতিহাসিক পতাকা তারেক রহমানের হাতে তুলে দিলেন মুত্তাকিন

ঢাকা, ১৮ জানুয়ারি – ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সারাদেশে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের কঠিন বাস্তবতার মধ্যেই জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন। সেই আন্দোলনের স্মৃতি হিসেবে ঐতিহাসিক সেই জাতীয় পতাকাটি তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে উপহার হিসেবে পতাকাটি তার হাতে তুলে দেন মুত্তাকিন।
এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।
এর আগে, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে জাতীয় পতাকা উড়িয়ে দেশবাসীকে আন্দোলনের পক্ষে দাঁড়াতে উদ্বুদ্ধ করেন মুত্তাকিন। ওই সময় সারাদেশে ছাত্রদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য অনেকের কাছে আন্দোলনের একটি প্রতীকী মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।
এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬









