উত্তর আমেরিকা

ইরানে মৃত্যুদণ্ড স্থগিত করায় ধন্যবাদ জানালেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৭ জানুয়ারি – ইরানে রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির সরকারের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে বিরল ইতিবাচক মন্তব্য করেন।

ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে ট্রাম্প বলেন, “ইরান ৮০০–এর বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। আমি তাদের এই সিদ্ধান্তকে অত্যন্ত সম্মান জানাই।”

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বিষয়টি উল্লেখ করে সংক্ষিপ্তভাবে লেখেন, “ধন্যবাদ!”

ইরানে চলমান বিক্ষোভের সময় সরকার যদি গণহারে মানুষ হত্যা শুরু করে, তবে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে—এমন হুঁশিয়ারির কয়েক দিনের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। যদিও বর্তমানে দেশটিতে বিক্ষোভ অনেকটাই কমে এসেছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়ছে। তবে ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মিলছে, ইরান মৃত্যুদণ্ড স্থগিত রাখায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনা আপাতত কমেছে।

এর আগে ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “সাহায্য আসছে।” শুক্রবার এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দেখা যাক কী হয়।”

আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের চাপে ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “কেউ আমাকে বোঝায়নি। আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, “৮০০ জনের বেশি মানুষের ফাঁসি কার্যকরের কথা ছিল। কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয়নি—এই বিষয়টি আমার ওপর বড় প্রভাব ফেলেছে।”

তবে ইরান সরকারের কার সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি এই তথ্য পেয়েছেন, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট করেননি। এদিকে অভিযোগ রয়েছে, কঠোর দমন-পীড়নের মাধ্যমে ইরানে হাজারো মানুষ নিহত হয়ে বিক্ষোভ স্তিমিত করা হয়েছে।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে ধর্মীয় শাসনের বিরুদ্ধে রূপ নেয়। বর্তমানে রাজধানী তেহরানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, যদিও ইন্টারনেট ব্ল্যাকআউট এখনো পুরোপুরি ওঠেনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ জানিয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৯৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেছেন, তিনি আশা করেন মার্কিন প্রেসিডেন্ট তার অবস্থান থেকে সরে আসবেন না।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language