রাজধানীর উত্তরায় সাততলা ভবনে ভয়াবহ আগুন, নারীসহ তিনজনের মৃত্যু

ঢাকা, ১৬ জানুয়ারি – রাজধানীর উত্তরায় একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
তিনি বলেন, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্লকের ১৮ নম্বর সড়কের একটি বাসায় আগুন লাগে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পাওয়ার পর উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়।
তালহা বিন জসিম আরও জানান, আগুনের সময় ওই বাসার ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এই ঘটনায় ফায়ার সার্ভিস ১৩ জনকে উদ্ধার করেছে এবং তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলেও জানান তিনি।
এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬









