কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার

কিশোরগঞ্জ, ১০ জানুয়ারি – কিশোরগঞ্জে একটি আবাসিক হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা পড়লে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে সবাইকে জীবিত ও নিরাপদে উদ্ধার করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), জোনায়েদ তারেক (৩৫), মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)। এদের মধ্যে বর হলেন জোনায়েদ তারেক। তারা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বরপক্ষের বাড়ি দূরে হওয়ায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বরসহ তার আত্মীয়স্বজনরা কিশোরগঞ্জ শহরের হোটেল শেরাটনে অবস্থান নেন। শুক্রবার বিকেলে চারতলা থেকে দোতলায় নামার সময় ছয়জন ধারণক্ষমতার একটি লিফটে ১০ জন ওঠায় লিফটটি অতিরিক্ত ওজনের কারণে নিচে নেমে গিয়ে আটকে পড়ে।
হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান বলেন, অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তবে আধুনিক প্রযুক্তির লিফট হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কেউ আহত হননি।
ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিফটের দেয়াল আংশিক ভেঙে আটকে পড়া ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
এনএন/ ১০ জানুয়ারি ২০২৬









