জাতীয়

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে জমা পড়ল ৬৪৫ আপিল, আজ থেকে শুনানি

ঢাকা, ১০ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে এসব আপিল নিষ্পত্তির শুনানি শুরু হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। টানা ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।

কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে।

বাকি আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল শুক্রবার আপিল জমাদানের শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদনকারীরা নির্বাচন কমিশনে উপস্থিত হন। কমিশন সূত্রে জানানো হয়েছে, জমা পড়া ৬৪৫টি আপিলের বেশিরভাগই করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এক শতাংশ ভোটারের সমর্থন পূরণে ব্যর্থতা, সমর্থনকারী ভোটারের স্বাক্ষরে গড়মিল, ঋণখেলাপি হওয়া এবং মনোনয়নপত্রে তথ্য অসম্পূর্ণ থাকার কারণে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এসব ত্রুটি সংশোধনের জন্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সুযোগ দেওয়া হয়েছিল।

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language