ভোলা

ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত, কেঁপে উঠলো বাসাবাড়ি ও মসজিদ

ভোলা, ০৯ জানুয়ারি – ভোলার মনপুরা উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরো দ্বীপজুড়ে বাসাবাড়ি, মসজিদ, বিভিন্ন দালান-কোঠা ও হাসপাতালের ভবন কেঁপে ওঠে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

মনপুরা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি ও দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদ্রাসার মোহতামীম এনায়েত উল্লাহ নুরনবী জানান, ফজরের নামাজের সময় মসজিদে অবস্থানকালে পুরো মসজিদ কাঁপতে শুরু করে।

স্থানীয় সাংবাদিক সজিব মোল্লা ও মো. রাকিব বলেন, ভোরে হঠাৎ করে ভূকম্পন অনুভূত হয় এবং তখন আশপাশের বাসাবাড়ি কেঁপে ওঠে।

উপজেলার মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা আয়শা ছিদ্দিকা বিথী, হুমায়ার আবদুল্লাহ, আকলিমা, মোস্তাফিজ, সাউদা, নুসাইবা ও আরওয়া জানান, ভূমিকম্পের সময় তাদের বাসাবাড়ি কাঁপতে থাকে এবং পুকুরের পানিও টলমল করতে দেখা যায়।

হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজ চলাকালীন পুরো মসজিদ কেঁপে ওঠে।

জানা গেছে, ভারতের মনিপুর ও আসামসহ আশপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসেও ভারতের মনিপুরে ভূমিকম্পের কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকার পাশাপাশি ভোলার মনপুরায় ভূকম্পন অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language