ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৪ পুলিশ কর্মকর্তার রদবদল

ঢাকা, ০৭ জানুয়ারি – পুলিশের ১৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে এবং ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপির উপকমিশনার, নোয়াখালীর পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন হেডকোয়ার্টার্সে এবং পিটিসি খুলনার পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ ওসমান গনি ও সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদে পদোন্নতিসহ পদায়ন করা হয়েছে। এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে একই শাখায় ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের নৌপুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ও রেলওয়ে পুলিশের পুলিশ সুপার সাইফুল হককে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬









