বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো ‘পরিকল্পনা নেই’ জাতিসংঘের

ঢাকা, ০৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এই কথা বলেন।
স্তেফান দুজারিক জানান, জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না, যদি না এ বিষয়ে সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ম্যান্ডেট থাকে। তিনি বলেন, বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের কাজের অংশ নয়।
তবে তিনি জানান, বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচনসংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘ নিয়মিতভাবেই কারিগরি সহায়তা দিয়ে থাকে।
ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার বিষয়টিও উঠে আসে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তনকে কীভাবে দেখা হচ্ছে— এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তিনি সংবাদ বা রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করেন না। এ ধরনের বিশ্লেষণ সাংবাদিকদের কাজ বলেও মন্তব্য করেন তিনি।
তবে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত অবাধে প্রকাশ করতে পারে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করে যাবে।
এ সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে স্তেফান দুজারিক বলেন, তার মৃত্যুতে জাতিসংঘ তার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬









