দক্ষিণ আমেরিকা

নিউইয়র্কের আদালতে হাজির করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে

নিউইয়র্ক, ০৬ জানুয়ারি – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত আদালতে পড়ে শোনানো হবে।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

এর আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে মাদুরোকে নামতে দেখা যায়। তার সঙ্গে একজন নারীও ছিলেন, যাকে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বলে ধারণা করা হচ্ছে।

হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া নিরাপত্তায় তাদের আদালতে নেওয়া হয়। এ সময় মাদুরোকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।

এর আগে শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে আটক করে নিউইয়র্কে আনার পর মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের একটি কারাগারে রাখা হয়েছিল।

দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসন অভিযোগ করে আসছে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানা ধরনের চাপ প্রয়োগের পরই মার্কিন এই অভিযানের ঘটনা ঘটে।

এদিকে ক্ষমতা হস্তান্তরের সময় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ ওয়াশিংটনের সঙ্গে ‘ভারসাম্যপূর্ণ ও শ্রদ্ধাশীল’ সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানান প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, নীতি নির্ধারণে ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language