গঙ্গাসাগরে ‘স্বপ্নের সেতু’ শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, খরচ ১৬৭০ কোটি

কলকাতা, ০৫ জানুয়ারি – দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে যাচ্ছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেই এই প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। সেতুটি সম্পূর্ণ হলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া পর্যন্ত যাত্রা হবে কয়েক মিনিটের। এতে গঙ্গাসাগরে পূণ্যার্থী, পর্যটক এবং সাগর দ্বীপের ৪৩টি গ্রামে বসবাসকারী মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে।
সারাবছর কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নদীপথ, যেখানে স্টিমার বা নৌকার উপর নির্ভরশীল ছিল স্থানীয়রা। বর্ষাকালে বা নদীর জল উপচে পড়লে সমস্যা বেড়ে যেত। এই পরিস্থিতির কারণে রাজ্য বারবার কেন্দ্রের কাছে সেতু নির্মাণের জন্য আর্থিক সাহায্য চেয়েছিল, কিন্তু কেন্দ্র কখনোই এ বিষয়ে আগ্রহী হয়নি, এমনটাই অভিযোগ রাজ্যের শাসকদলের।
অবশেষে ২০২৩ সালে গঙ্গাসাগর মেলা পরিদর্শনকালে রাজ্য সরকারের টাকায় সেতু নির্মাণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদ্বীপের বাসিন্দাদের জন্য নতুন স্বপ্ন বুনে দেন তিনি। আজ, সোমবার সেই স্বপ্নের বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে, এবং তা ঘটছে নির্বাচনের আগে, যা শাসক দলকে সামান্য হলেও রাজনৈতিক মাইলেজ দিতে পারে, এমন মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
উল্লেখযোগ্য যে, ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে মোট ৪টি লেন থাকবে। সেতু প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। এর জন্য খরচ হবে প্রায় ১৬৭০ কোটি টাকা। শিলান্যাসের সময়, মুখ্যমন্ত্রী দুপুর আড়াইটে নাগাদ এই সেতু প্রকল্পের শুভসূচনা করবেন। আগামী চার বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য ধরা হয়েছে, এবং ইতিমধ্যেই সেতুর নকশাও প্রস্তুত করা হয়েছে।
এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬









