জাতীয়

৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, জরুরি সংযোগের নির্দেশ দিলো ইসি

ঢাকা, ০৪ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩২৫টি ভোটকেন্দ্রে এখনো বিদ্যুৎ সংযোগ নেই। এই কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন (ইসি) বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পক্ষ থেকে পাঠানো চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

ইসি জানায়, ১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় দেখা গেছে, দেশের ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখনও বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি।

বিদ্যুৎ সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রসমূহের মধ্যে ৩২৫টিতে বিদ্যুৎ সংযোগ নেই। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ওই কেন্দ্রে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দিতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো, ইভিএম ব্যবহার (যেখানে প্রযোজ্য) এবং প্রিজাইডিং কর্মকর্তাদের অফিসিয়াল কাজের সুবিধার জন্য স্থায়ী বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক। এই কারণে বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনের জন্য সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বর্তমানে মাঠ পর্যায়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

এনএন/ ০৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language