জাতীয়

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা: ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ

ঢাকা, ৬ আগস্ট – জ্বালানি তেল, গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সচিবালয়ের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ এবং রংপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া ও সিলেট অভিমুখে রেলযাত্রা কর্মসূচি পালিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জোটের অন্যতম নেতা ডা. শফিকুর রহমান এসব কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে জোটের নেতাকর্মীরা রাজধানীর মুক্তাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, তারা জনগণের ন্যায্য দাবি নিয়ে এসেছেন।

কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি তাদের দাবি শুনতে আসেননি। তিনি আরও বলেন, সরকার যদি জনগণের দাবি বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে রাজপথে আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকবে। জনগণের অধিকার আদায়ে একের পর এক কর্মসূচি পালিত হবে। প্রায় ২০ মিনিট অবস্থান করার পর নতুন কর্মসূচির রূপরেখা ঘোষণা করে সমাবেশ শেষ করা হয়।

এস এম/ ৬ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language