আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন

ঢাকা, ৬ আগস্ট – রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ১৬ আগস্ট জমা পড়া মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।
চূড়ান্তভাবে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে নির্বাচনের প্রয়োজনীয় ভোটার তালিকা সংসদ থেকে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
এস এম/ ৬ আগস্ট ২০২৬









