টলিউড

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তনুশ্রী

কলকাতা, ০৭ ফেব্রুয়ারি – এবার বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে তনুশ্রী তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। আর তাতে এমন রূপে ধরা দিয়েছেন তিনি। তারপর ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন এই অভিনেত্রী। অনেকে তাকে অভিনন্দন জানান। কারণ তাদের ধারণা, বিয়ে করেছেন তনুশ্রী চক্রবর্তী।

এরপর তনুশ্রীর বিয়ের গুঞ্জনে ঘি ঢালেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কারণ এই ছবির পোস্টে মিমি মন্তব্য করেন—‘শেষমেশ বিয়েটা করে ফেল্লি, ডাকলি না।’ তারপর তনুশ্রীর বিয়ের গুঞ্জন আরো জোরালো হয়। সর্বশেষ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তনুশ্রী। পাল্টা মন্তব্যে এ অভিনেত্রী লিখেন—‘আরে এটা ফিল্মের বিয়ে! আউট ডোরে এসে কি তুই আমার বিয়ে খাবি।’

ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তনুশ্রী বলেন, ‘হ্যাঁ, আমি প্রেমের সম্পর্কে রয়েছি। তবে এখনই বিয়ে করব না।’ জানা যায়, এক প্রযোজকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে প্রযোজকের নাম পরিচয় কিছু জানাননি তনুশ্রী।

২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

সূত্র : বিডি২৪লাইভ
এন এ/ ০৭ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language