মতিঝিলে হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর সময় ২ তরুণ গ্রেপ্তার

ঢাকা, ২৪ সেপ্টেম্বর – রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় মতিঝিলের সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. আমজাদ হোসেন বুখারী ( ২২) ও মাহদী হাসান (২২)।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মতিঝিল থানার সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচে ৬১৭ নম্বর পিলারে উল্লিখিত আসামিরাসহ আরও ৭ থেকে ৮ জনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর, উলাই’য়াহ বাংলাদেশ’ এর পোস্টার লাগানোর চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ বাংলাদেশ’ লেখা পোস্টার উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি দেখে সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জন পালিয়ে যায়।
উদ্ধারকৃত পোস্টারে লেখা ছিল, ‘হে দেশবাসী, দালাল শাসক গোষ্ঠী আমাদের সামরিক বাহিনীকে মার্কিনীদের স্বার্থে ব্যবহার করার বন্দোবস্ত করছে, সামরিক বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়ান।’
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ‘হিযবুত তাহরীর’ সংগঠনের সমর্থক। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৫









