দক্ষিণ আমেরিকা

নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী

বোগোতা, ০৮ জুন – কলম্বিয়ার রাজধানী বোগোতায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বর্তমান সেনেটর মিগেল উরিবে।

শনিবার (৭ জুন) ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, ৩৯ বছর বয়সী এই রাজনীতিককে মাথায় দু’বার ও শরীরের অন্য একটি অংশে গুলি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

উরিবে দেশটির ডেমোক্র্যাটিক সেন্টার নামে একটি রক্ষণশীল বিরোধী দলের সদস্য। তিনি ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। শনিবার বোগোতার ফন্তিবন এলাকার একটি সরকারি পার্কে তিনি প্রচারণা করছিলেন, সেসময় অজ্ঞাত অস্ত্রধারীর গুলিতে আহত হন।

ডেমোক্র্যাটিক সেন্টার পার্টি এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানায় এবং এটিকে একটি গুরুতর সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করে। দলটির পক্ষ থেকে বলা হয়, পেছন দিক থেকে সশস্ত্র এক গোষ্ঠী এই গুলিবর্ষণ চালিয়েছে। তবে হামলার উদ্দেশ্য বা পেছনের ষড়যন্ত্র নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উরিবের স্ত্রী ক্লাউদিয়া তারাসোনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমার স্বামী এখন জীবনের জন্য লড়ছেন।’ তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেস জানান, এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, আহত উরিবেকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তিনি নিজেই।

ঘটনাটি নিয়ে কলম্বিয়ার সরকার পুরস্কার ঘোষণাও দিয়েছে। কেউ যদি হামলার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিতে পারেন, তাহলে তাকে প্রায় ৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার দেওয়া হবে।

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘এটি কেবল একটি রাজনৈতিক সহিংসতার ঘটনা নয়, বরং একটি জাতিগত বেদনার অংশ। উরিবের পরিবারের কষ্টের ভার লাঘব করার ভাষা আমার নেই।’ প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকেও হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এই হামলার কড়া সমালোচনা করে উরিবের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মিগেল উরিবে কলম্বিয়ার একটি প্রভাবশালী পরিবারের সন্তান। তার মা ডায়না তুর্বাই ছিলেন প্রথিতযশা সাংবাদিক, যিনি মাদক ব্যবসা ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে নির্ভীক রিপোর্টিংয়ের জন্য পরিচিত ছিলেন। ১৯৯০ সালে কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের নেতৃত্বাধীন মেডেলিন কার্টেল তাকে অপহরণ করে। এক বছর পর, ১৯৯১ সালে, উদ্ধার অভিযানের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

উল্লেখ্য, কলম্বিয়া বহু দশক ধরে বামপন্থি বিদ্রোহী, ডানপন্থি আধাসামরিক গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘাত ও সহিংসতায় জর্জরিত, যা দেশটির রাজনীতিকে দীর্ঘদিন ধরে অস্থির করে রেখেছে। এই হামলা সেই সহিংস রাজনৈতিক পরিবেশেরই আরও একটি প্রমাণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: ইত্তেফাক
আইএ/ ০৮ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language