ফুটবল

সমালোচকদের কড়া জবাব দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ওয়াশিংটন, ২৭ জুলাই – স্পেনের বিশ্বকাপ জয়ের মাধ্যমে শেষ হয়েছে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে আয়োজিত ফিফা বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট জুড়ে চলা নানা আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সমালোচনাকারীদের বিরুদ্ধে ঘৃণা ও মিথ্যা বয়ান ছড়ানোর অভিযোগ তুলে তিনি একটি খোলা চিঠি প্রকাশ করেছেন।

চিঠিতে সদ্য সমাপ্ত এই আসরটিকে ঐক্য, নিরাপত্তা ও অন্তর্ভুক্তির এক সফল উদাহরণ হিসেবে বর্ণনা করা হয়েছে। সোমবার প্রকাশিত এই চিঠিতে ৫৬ বছর বয়সী ইনফান্তিনো উল্লেখ করেন, একদল সমালোচক ফুটবল ভক্তদের আনন্দ ও একাত্মতাকে উপেক্ষা করছেন।

তিনি বলেন, যারা কলম ও পর্দার আড়ালে বসে মিথ্যা গুজব ছড়াচ্ছেন তারা আয়োজকদের কঠোর পরিশ্রম দেখতে পাননি। ফিফা সভাপতি দাবি করেন, টুর্নামেন্ট চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভক্তরা শতভাগ নিরাপত্তা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে খেলা উপভোগ করেছেন।

উল্লেখ্য যে, এই টুর্নামেন্ট চলাকালে ফিফাকে বিভিন্ন দেশের সমর্থকদের ভিসা জটিলতা এবং সংঘাতপূর্ণ অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণ নিয়ে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। বিশেষ করে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড পাওয়া ফোলারিন বালোগুনের শাস্তি মওকুফে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।

এছাড়া আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে রেফারিদের সিদ্ধান্ত নিয়েও ভক্তদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। তবে ইনফান্তিনো মনে করেন, রেফারিং বা শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ফুটবল বিশ্বে একটি সাধারণ বিষয়। বিশ্বের বড় বড় লিগগুলোতেও এমন ভুলভ্রান্তি নিয়মিত ঘটে থাকে।

ভিসা সংক্রান্ত বিতর্কের জবাবে তিনি বলেন, ফুটবল বিভেদ দূর করার ক্ষমতা রাখে। রাজনৈতিক উত্তেজনা ও স্বাস্থ্যগত সংকটের মধ্যেও ইরান, হাইতি বা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর মতো দেশগুলোর অংশগ্রহণ ছিল ইতিবাচক।

সোমালিয়ার রেফারি ওমর আবদুকাদির আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেওয়া হলেও ইরানের দল কোনো ঝামেলা ছাড়াই অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সবশেষে ইনফান্তিনো সমালোচকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমালোচনা না করে অংশগ্রহণকারী দলগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা প্রয়োজন।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button