জাতীয়

দেশে প্রথম করোনার টিকা নিচ্ছেন নার্স রুনু বেরুনিকা কস্তা

ঢাকা, ২৬ জানুয়ারি – করোনাভাইরাস প্রতিরোধে দেশে টিকা কার্যক্রমের শুরুর দিনে প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেবেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা।

কর্তৃপক্ষের কোনো ধরনের চাপে নয় বরং সম্পূর্ণ নিজের আগ্রহে তিনি এ টিকা নিচ্ছেন।

রুনু বেরুনিকা কস্তা বলেন, ‘আমি স্বেচ্ছায় টিকা নিতে রাজি হয়েছি। টিকা নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা দূর করে সবাইকে উদ্বুদ্ধ করাই আমার লক্ষ্য।’

রুনু বেরুনিকা কস্তা ২০১৩ সাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দায়িত্বপালন করছেন। এর আগে তিনি ইউনাইটেড হাসপাতালে কাজ করেন। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নার্সিংয়ের ওপর প্রশিক্ষণ নেন। তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মী।

আরও পড়ুন : দুদকের ‘সরল বিশ্বাসে’ নির্দোষ ব্যক্তির ১৫ বছরের সাজা

জানা যায়, রুনু বেরুনিকা কস্তার পরে টিকা নেবেন ফিমেল মেডিসিন ইউনিটের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স মুন্নি খাতুন ও একই ইউনিটে নার্স রিনা সরকার।

চিকিৎসকদের মধ্যে টিকা নেওয়ার তালিকায় প্রথমে রয়েছেন কুর্মিটোলা হাসপাতালের কনসালটেন্ট ডা. লুৎফর কবির মবিন ও ডা. শাহরিয়ার আলম।

প্রসঙ্গত, আগামীকাল বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথমে রুনু বেরুনিকা কস্তাসহ তিনজন নার্স ও তিনজন চিকিৎসকের শরীরে টিকা প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হবে কোভিড-১৯-এর টিকাদান প্রক্রিয়া। এদিন বিকেল সাড়ে ৩টায় করোনার টিকাদানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।

সূত্র : চ্যানেল আই
এন এ/ ২৬ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language