ভারতীয় রেলপথে আধুনিক ‘কবচ’ ব্যবস্থার দ্রুত সম্প্রসারণ

নয়া দিল্লি, ১ আগস্ট – ভারতীয় রেলওয়ের স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা কবচ ৪.০ এর সম্প্রসারণ কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশটির সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে ২ হাজার ৫৬৯ কিলোমিটার রেলপথে এই আধুনিক নিরাপত্তা প্রযুক্তি কার্যকর রয়েছে। পাশাপাশি আরও ২১ হাজার ৮৫৮ কিলোমিটার রেলপথে অবকাঠামো নির্মাণের কাজ চলছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই অগ্রগতির তথ্য তুলে ধরেন। তিনি জানান, রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অরগানাইজেশন ২০২৪ সালের ১৬ জুলাই কবচ ৪.০ এর অনুমোদন দিয়েছে। এই নতুন সংস্করণটি আগের তুলনায় অনেক বেশি নির্ভুলভাবে ট্রেনের অবস্থান শনাক্ত করতে সক্ষম।
দিল্লি মুম্বাই এবং দিল্লি হাওড়া করিডরকে এই প্রকল্পে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে দিল্লি মুম্বাই করিডরের ১ হাজার ৪২৩ কিলোমিটার এবং দিল্লি হাওড়া করিডরের ১ হাজার ১৪৬ কিলোমিটার অংশে এই প্রযুক্তি স্থাপন করা হয়েছে। এর বাইরেও গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল ও হাই ডেনসিটি নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ রুটে কাজ চলছে।
এই বিশাল কর্মযজ্ঞের অংশ হিসেবে এ পর্যন্ত ১১ হাজার ২৫৩ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল এবং ১ হাজার ৬৬৮টি টেলিকম টাওয়ার স্থাপন করা হয়েছে। ৯৮৮টি স্টেশনে ডেটা সেন্টার গড়ে তোলার পাশাপাশি ৬ হাজার ১৫৩টি লোকোমোটিভে এই প্রযুক্তি বসানো হয়েছে।
রেলমন্ত্রী আরও জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ৯৪ হাজার কর্মীকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নিরাপত্তা খাতে ব্যয়ের চিত্র তুলে ধরে জানানো হয়, বিগত এক দশকে এই খাতে বরাদ্দ ৩৯ হাজার ২০০ কোটি রুপি থেকে বেড়ে ১ লাখ ২০ হাজার ৩৮৯ কোটি রুপিতে পৌঁছেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে দুর্ঘটনার পরিসংখ্যানে।
২০১৪ থেকে ২০২৬ সালের মধ্যে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার সংখ্যা ১৩৫ থেকে কমে ১৬ তে নেমে এসেছে। আধুনিক এই প্রযুক্তি চালুর ফলে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এবং অতিরিক্ত গতির মতো ঝুঁকিগুলো উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ১ আগস্ট ২০২৬









