প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

ঢাকা, ১ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গর। এটি বাংলাদেশে তার প্রথম সফর।
সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। ওই বৈঠকের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজরি কমিয়ে আনে যুক্তরাষ্ট্র। দেশটির হালনাগাদ তথ্যানুযায়ী বাংলাদেশকে লেভেল তিন থেকে নামিয়ে এখন লেভেল দুই পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে উন্নত ও নিরাপদ হিসেবে প্রতিফলিত হয়েছে।
সফরের দ্বিতীয় দিনে মার্কিন বিশেষ দূত কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে আট সদস্যের প্রতিনিধিদলসহ তিনি ক্যাম্প আট ওয়েস্ট এবং চারের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে আশ্রিত রোহিঙ্গারা নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এনএন/ ১ আগস্ট ২০২৬









