ক্রিকেট

দুদকের মামলা থেকে খালাস পেলেন লোকমান ভূঁইয়া

ঢাকা, ০৮ মার্চ – দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক ডিরেক্টর ইনচার্জ ও বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। ২০১৯ সালে তার বিরুদ্ধে দুদকের মামলা ছিল মানিলন্ডারিং।

গত ২৬ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-৬ লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে আনীত মানিলন্ডারিং মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই রায় দিয়েছেন।

লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল অস্ট্রেলিয়াতে তিনি ৪১ কোটি টাকা পাচার করেছেন। কিন্তু তদন্ত করে সেখানে ৪৮৭ অস্ট্রেলিয়ান ডলার পাওয়া গেছে বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার মো. ইসমাইল হোসেন।

তিনি বলেন, ‘আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে, লোকমান হোসেন ভূঁইয়া কোনও মানিলন্ডারিং করেননি। মানিলন্ডারিংয়ের যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছিল সেসব প্রমাণাদি আদালতে উপস্থাপন করতে পারেননি রাষ্ট্রপক্ষ।’

জজ আদালত এই মামলার রায়ে আদেশ দিয়ে জানিয়েছেন, ‘অত্র মামলার (মামলা নং-১৫২/২০১৯, দুদক.জি আর নং-১৩৩/২০১৯) একমাত্র আসামি মো. লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আসামিকে নির্দোষ সাব্যস্তে বেকসুর খালাস প্রদান করা হলো। আসামির জামিনদারদের জামিননামার দায় হতে অব্যাহতি দেওয়া হলো। আসামির নামে কোনও হিসাব বা লকার অবরুদ্ধ বা ক্রোক থাকলে বা বিদেশ গমনে কোনও নিষেধাজ্ঞা থাকলে, স্থাবর সম্পত্তির ক্রয়-বিক্রয়ের ওপর কোনও নিষেধাজ্ঞা থাকলে তা আসামির অনুকূলে অবমুক্ত করা হোক।’

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০৮ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language