ঝিনাইদহ

বাংলাদেশি যুবককে নির্যাতন, মৃত ভেবে সীমান্তে ফেলে রেখে গেল বিএসএফ

ঝিনাইদহ, ২৮ ফেব্রুয়ারি – ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএসএফের বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে টহল চলাকালীন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বিজিবি সদস্যরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।

বিএসএফের নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে।

আহতের স্ত্রী জহুরা খাতুন জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কলকাতার মধ্যম গ্রামে শ্রমিকের কাজ করতেন বিল্লাল সানা।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশে ৭ থেকে ৮ জন একসঙ্গে বের হন। পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়েন বিল্লাল। এ সময় বিএসএফ বিল্লালের উপর অমানুষিক নির্যাতন শুরু করেন তারা। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে বিএসএফ মৃত ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে যান বিল্লালকে। পরে মোবাইলে খবর পেলে বিকেলে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তার স্বজনরা।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত টহলের সময় গুরুত্বর আহত অবস্থায় বিল্লালকে পাওয়া যায়। এ সময় তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই যুবকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language