কক্সবাজারগামী ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

চট্টগ্রাম, ২৭ ফেব্রুয়ারি – চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে মো. হৃদয় নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার সময় এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম থেকে সকালে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৈকত এক্সপ্রেস ট্রেনটি গোমদণ্ডী স্টেশন পার হয়ে যাচ্ছিল। মো. হৃদয় ও তার বন্ধুরা ট্রেনের ছাদের উপর দুই হাত তুলে লাফালাফি করার সময় হঠাৎ নিচে পড়ে গুরুত্বর আহত হন তিনি। প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের লাশ জরুরী বিভাগে লাশ ঘরে রাখা হয়েছে।
নিহত মো. হৃদয় কক্সবাজার জেলার মো. ইলিয়াছের ছেলে। তিনি কক্সবাজারগামী ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, গুরুতর আহত মো. হৃদয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাড়িঁর এস আই আলাউদ্দিন তালুকদার বলেন, কক্সবাজারগামি ট্রেনে করে বাড়ি যাওয়ার পথে এক যুবক ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত হলে তাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৫







