ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২

ব্রাহ্মণবাড়িয়া, ২১ ফেব্রুয়ারি – ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মিনারে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ফুল দেওয়াকে কেন্দ্র করে হওয়া এ সংঘর্ষে আহত হয়েছেন দুজন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহতরা হলেন- উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী গ্রামের সাজু মিয়ার ছেলে বিল্লাল মিয়া ও ইছাপুরা ইউনিয়নের মহরম আলীর ছেলে জীবন মিয়া।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, ফুল আগে দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। সে সময় ছুরিকাঘাতে দুজন আহত হন।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২১ ফেব্রুয়ারি ২০২৫









