ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ

ঢাকা, ২১ এপ্রিল – সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাধারণ আইনজীবীরা।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।
সমাবেশে উপস্থিত আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে যেখানে জানানো হয়েছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, সেখানে জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে ভার্চুয়ালি কোর্ট চালুর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। তারা এই সিদ্ধান্তকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন।
অনতিবিলম্বে ভার্চুয়ালি কোর্ট পরিচালনার এই সিদ্ধান্ত প্রত্যাহারে প্রধান বিচারপতির প্রতি জোরালো আহ্বান জানান আইনজীবীরা। বিক্ষোভ চলাকালে দুই শতাধিক আইনজীবী বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরেন।
উল্লেখ্য যে, সুপ্রিম কোর্টের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হওয়ার কথা রয়েছে। রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তথ্য প্রযুক্তি ব্যবহার আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সপ্তাহের বাকি কার্যদিবসগুলোতে সশরীরে উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালিত হবে।
এনএন/ ২১ এপ্রিল ২০২৬









