শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সভা-সমাবেশ না করার নির্দেশ

ঢাকা, ০২ অক্টোবর – শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ না করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই বিশ্ববিদ্যালয়ের ওপর দেশের প্রায় ৩৬ লাখ শিক্ষার্থী এবং লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর জীবন-জীবিকা ও দেশের উচ্চ শিক্ষার ভবিষ্যৎ জড়িত। এই স্থাপনার ভাব-গাম্ভীর্য, নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তদসংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ নোটিশ জারি করা হলো।

অন্যদিকে, চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে কাউন্সিলের ১৫৪তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০২ অক্টোবর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language