ফুটবল

বিদায়ের পরও আনচেলত্তিতেই আস্থা ব্রাজিলের, লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ

ব্রাসিলিয়া, ৭ জুলাই – বিশ্বকাপের নকআউট পর্ব থেকে অপ্রত্যাশিত বিদায়ের পর বড় কোনো রদবদলে যাচ্ছে না ব্রাজিল। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নিলেও কোচ কার্লো আনচেলত্তির ওপর পূর্ণ আস্থা রাখছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটি ইতালিয়ান এই অভিজ্ঞ কোচের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পথ চলতে আগ্রহী।

ব্রাজিলের ফুটবল কর্তাদের মতে, দায়িত্ব নেওয়ার পর দলকে গুছিয়ে নিতে পর্যাপ্ত সময় পাননি আনচেলত্তি। দীর্ঘদিনের প্রশাসনিক অস্থিরতা ও ঘন ঘন কোচ পরিবর্তনের মুখে দায়িত্ব নিয়ে তিনি একটি লড়াকু দল গঠনের চেষ্টা করেছেন।

নরওয়ের বিপক্ষে হারের পেছনে আনচেলত্তির কিছু কৌশলগত সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তাকেই যোগ্য মনে করছে সিবিএফ। বিশ্বকাপ শুরুর আগেই আনচেলত্তি ও তার দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। বারবার নতুন করে শুরুর চেয়ে ধারাবাহিকতা বজায় রাখাকেই ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য কার্যকর পথ বলে মনে করছে সংস্থাটি।

জাতীয় দলের সমন্বয়ক রদ্রিগো কায়েতানো জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে বর্তমান পরিকল্পনাই বহাল থাকবে। তিনি মনে করেন, চার বছরের একটি নিরবচ্ছিন্ন সময় পেলে ব্রাজিল ফুটবল নতুন উচ্চতায় পৌঁছাবে।

তবে মাঠের বাইরের পরিবেশ এখনো কিছুটা থমথমে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির জাউদ বর্তমানে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। বিশ্বকাপ থেকে বিদায়ের পর তিনি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। আপাতত মাঠের ফুটবলের পাশাপাশি সংস্থার ভেতরের প্রশাসনিক সংস্কার নিয়েও আলোচনা চলছে।

এনএন/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language