গাইবান্ধা

গাইবান্ধায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

গাইবান্ধা, ০৩ জুলাই – গাইবান্ধায় বাসের সঙ্গে সংঘর্ষে নাফিস শাহরিয়ার আকাশ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ গাইবান্ধা শহরের ব্রিজ রোড কালীবাড়ি এলাকার শামসুল হকের ছেলে। তিনি একজন পেশাদার ফটোগ্রাফার ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে সোনার বাংলা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নাফিস ঘটনাস্থলেই মারা যান। রাহি নামে অন্য এক মোটরসাইকেল আরোহীকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে আহতাবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বাসে থাকা অন্তত ২০ জন যাত্রীও আহত হন। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।’ মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণের পাশাপাশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৩ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language