রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে কুপিয়ে জখম

রাজবাড়ী, ১৯ জুন – রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ ও তার পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজার সংলগ্ন চেয়ারম্যানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখের ভাই জাকির শেখ জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজারে বসানো অস্থায়ী পশুর হাট নিয়ে স্থানীয় আকবর খানের সঙ্গে দেলোয়ার শেখের দ্বন্দ্ব তৈরি হয়। এ দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাত ১০টার দিকে চেয়ারম্যানকে ফোন করে গালিগালাজ করার পাশাপাশি হুমকি দেন আকবর খান। পরে রাত সাড়ে ১১টার দিকে আকবর খানের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী চেয়ারম্যান দেলোয়ার শেখের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় দেলোয়ার শেখ, তার ছেলে রুহান শেখ, ভাই হাসান শেখ ও বোন রোজিনাকে কুপিয়ে জখম করা হয়।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুর হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আকবর খানসহ হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান জাকির শেখ।
রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৯ জুন ২০২৪









